বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২২:৫৬ পিএম
চট্টগ্রামে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের ৭ জেলায় বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলায় ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ লাখ ১৭ হাজার মানুষ। দুর্গতদের সহায়তায় খাদ্য, নগদ অর্থ ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সরকারি তৎপরতা জোরদার করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৭টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ৩৬২টি ইউনিয়ন ও আটটি পৌরসভা। পানিবন্দি হয়ে পড়েছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রাঙামাটিতে তিনজন, বান্দরবানে সাতজন, কক্সবাজারে ৩২ জন (স্থানীয় ১৯ ও রোহিঙ্গা ১৩), চট্টগ্রামে ১৫ জন এবং মৌলভীবাজারে একজন রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪০ জন।
দুর্গতদের আশ্রয়ে ৮৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৮৪৯ জন। বন্যাকবলিত এলাকায় চাল, শুকনো খাবার, শিশুখাদ্য, নগদ অর্থ, ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তা বিতরণ করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ২ কোটি ৩০ লাখ টাকা নগদ অর্থ এবং ৩ হাজার ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের জন্য ৭৫ লাখ টাকা ও ১ হাজার ২০০ মেট্রিক টন চাল, কক্সবাজারের জন্য ৪০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, খাগড়াছড়ির জন্য ২৫ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, রাঙামাটির জন্য ৩০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, বান্দরবানের জন্য ২৫ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, মৌলভীবাজারের জন্য ১৫ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জের জন্য ১০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া সিলেট জেলার জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল এবং যশোর জেলার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢেউটিন, গৃহনির্মাণ অনুদান, অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী এবং হাজার হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকেও ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সরকার। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে উদ্ধার, আশ্রয় ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।