× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দিনেই আলোচনায় ‘ব্রয়লার চিকেন পার্টি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২২:৪২ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২২:৪৬ পিএম

ব্রয়লার চিকেন পার্টির লোগো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ব্রয়লার চিকেন পার্টির লোগো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত না করা এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে এবার ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।

গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন দেশের জেন-জি বা নতুন প্রজন্মের কয়েকজন শিক্ষার্থী।

আমরা অপমানিত নই, আমরা জাগ্রত স্লোগানে খোলা এই পেজটি ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে তুমুল আলোড়ন তুলেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ৩৩ হাজার ফলোয়ার যুক্ত হয়েছেন পেজটিতে।

টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবেই অভিনব এই পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

মঙ্গলবার সকালে পেজটির উদ্বোধনী ভিডিও বার্তায় এক তরুণ বলেন, ‘আওয়ামী শাসন আমলে করোনার জুজু দেখিয়ে অনলাইন ক্লাস করিয়ে একটি জেনারেশনকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল। হাফ সিলেবাস অটো পাস দিয়ে এইচএসসি ২০, ২১ এবং ২২ ব্যাচকে রীতিমতো ধ্বংস করে দেওয়া হয়েছে। আর নতুন বাংলাদেশে ২৬ ব্যাচের সাথে তামাশা করা হয়েছে। তারা চেয়েছিল এই দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের পরীক্ষাটা পেছানো হোক। পরীক্ষা তো পেছায় না, বরং শিক্ষামন্ত্রী বললেন তারা ফার্মের মুরগি। মাননীয় শিক্ষামন্ত্রী, বাংলাদেশের মেরুদণ্ড ভাঙা শিক্ষা ব্যবস্থার আমি একজন ভুক্তভোগী; আমি ফার্মের মুরগি।’ ওই ভিডিও বার্তায় একে একে আরও ১৭ জন তরুণ-তরুণী বলেনÑ ‘আমি ফার্মের মুরগি।’ 

এরপর ওই পেজ থেকে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির আপডেট জানিয়ে এবং শিক্ষামন্ত্রীকে ব্যঙ্গ করে নানা পোস্ট দেওয়া হতে থাকে। যা দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। একটি পোস্টে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়েছে, “জনাব মিলন সাহেব, এই ‘ফার্মের মুরগিরা’ রাস্তায় না নামলে আপনার মতো ওয়াটারমিলনের আজ মন্ত্রী হওয়া হতো না। আপনি আপনার ওই চেয়ারের সম্মানটুকু ধরে রাখতে টোটালি ব্যর্থ। তাই হাঙ্কিপাঙ্কি বাদ দিয়ে সসম্মানে গদি থেকে নেমে যান।”

পেজটি আত্মপ্রকাশের পর অনেকে এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা খুঁজছিলেন। আবার অনেক পলাতক আওয়ামী নেতাকর্মীকে উচ্ছ্বসিত হতেও দেখা গেছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই পেজ থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়Ñ ‘ইনবক্সে এবং আমাদের পেজকে মেনশন করে অনেক পতিত ফ্যাসিস্ট লীগ ধন্যবাদ জানাচ্ছেন। তাদের উদ্দেশে বলতে চাইÑ আমরা হইলাম তারা, যারা তোমাদের দেশ ছাড়া করেছি। এবং আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করব। তাই নিষিদ্ধ খুনি/ফ্যাসিস্টদের ধন্যবাদ Cdi.’

এরপর বুধবার রাত ৯টায় এক পোস্টে বলা হয়, “অনেকেই ভাবছেন, আমাদের এই পেজ শুধুমাত্র সরকার কর্তৃক এইচএসসি ২০২৬-এর সাথে করা অসঙ্গতি নিয়ে কাজ করবে। বাট ছোট্ট করে বলে রাখি, শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সঙ্গত দাবিসহ বাংলাদেশের ঘুণেধরা শিক্ষাব্যবস্থার গোড়া থেকে যেসকল অসঙ্গতি, অব্যবস্থাপনা প্রকাশ্যে দৃশ্যমান; সেই প্রত্যেকটি অসঙ্গতি, অব্যবস্থাপনা নিয়ে কাজ করবে, ভোকাল থাকবে Broiler Chicken Party।

We have to do something big for our present & future generation... 

একটি প্রচলিত প্রবাদ রয়েছে- ‘কোনো জাতির ক্ষতি করতে চাইলে তাদের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দাও।’ সুতরাং আমরা সমস্যার মূলে যেতে চাই। শুরুটা ছোট্ট থেকেই হোক…”

প্রসঙ্গত, ভারতের ককরোচ জনতা পার্টির আদলে বাংলাদেশে জেন-জিরা ‘ব্রয়লার চিকেন পার্টি’ প্লাটফর্মটি চালু করেছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) হলো ভারতের একটি সমসাময়িক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ও যুব প্রতিবাদী সংগঠন। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সূচনা হয়। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে তাদের আন্দোলন ইতোমধ্যে বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা