স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ইউএনবি
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া সবার পরিচয় শিক্ষার্থী বা পরীক্ষার্থী নয়; কেউ কেউ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে বিব্রত করতে চায়-এমন কিছু মহল রয়েছে। তারা নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে।
চলমান এই আন্দোলনকে সরকার কীভাবে দেখছে-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিকে সরকার খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখছে না।
তার ভাষ্য, আন্দোলন কয়েকটি জেলা ও ঢাকার কয়েকটি স্থানে সীমিতসংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ। তবে গণমাধ্যমে প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর সময় এসব শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন। তাই এ বিষয়ে আর কিছু বলার নেই।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনভোগান্তির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল। এখনও সেই প্রবণতার কিছুটা ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দিতে চায় না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের পাশাপাশি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।
সম্প্রতি আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে।
এ বিষয়ে তিনি বলেন, এসব ‘ডিসইনফরমেশন’। প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।”