মেরিনা লাভলী ও এহসানুল হক সুমন, রংপুর
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১১:১১ এএম
আবু সাঈদের বাবা-মা ও বোন। ছবি: বাসস
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর দুই বছর হতে চললেও শোক কাটিয়ে উঠতে পারেননি তার পরিবারের সদস্যরা। ছেলেকে হারানোর বেদনা আজও তাড়া করে বেড়ায় বাবা-মাকে। পরিবারের দাবি, হত্যা মামলায় আদালতের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করা হোক।
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যদের প্রতিটি কথায় ফিরে আসে তার স্মৃতি। বাবা মকবুল হোসেন বলেন, পরিবারের আর্থিক দুরবস্থা দূর করে বাবা-মা ও ভাইবোনের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই পড়াশোনা করছিলেন আবু সাঈদ। তার লক্ষ্য ছিল বিসিএস ক্যাডার হওয়া।
৯ সন্তানের মধ্যে সবচেয়ে মেধাবী ছিল : মকবুল হোসেন বলেন, ৯ সন্তানের মধ্যে আবু সাঈদই ছিল সবচেয়ে মেধাবী। সে পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেও টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাত।
বাবার ভাষ্য, আবু সাঈদ প্রাথমিক পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য অন্যত্র সুযোগ থাকলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।
মকবুল হোসেনের দাবি, সরকারি চাকরিতে কোটা-সংক্রান্ত বিতর্ক এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি আবু সাঈদের মধ্যে হতাশা তৈরি করেছিল। তার ভাষ্য অনুযায়ী, সেই প্রেক্ষাপটেই আবু সাঈদ বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হয়। পরিবারের সদস্যদের উদ্বিগ্ন না করতে আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন বলেও জানান তিনি।
১৬ জুলাইয়ের স্মৃতি আজও তাড়া করে : ১৬ জুলাইয়ের ঘটনার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মকবুল হোসেন। তিনি বলেন, সেদিন সকালে আবু সাঈদ বাড়িতে খাবার না খেয়েই বেরিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তারা জানতে পারেন, পুলিশের গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে।
মকবুল হোসেনের ভাষ্য, প্রথমে প্রতিবেশীদের কাছ থেকে ছেলের মৃত্যুর খবর শুনে তিনি বিশ্বাস করতে পারেননি। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুরো পরিবার ভেঙে পড়ে।
আবু সাঈদের মরদেহ গ্রহণ এবং দাফন নিয়ে নানা জটিলতার কথাও তুলে ধরেন তার বাবা। মকবুল হোসেনের অভিযোগ, মরদেহ হস্তান্তর এবং দাফন সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ ছিল। তিনি দাবি করেন, রাতেই দাফন সম্পন্ন করার জন্য বলা হয়েছিল। তবে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে বাড়ির সামনের স্থানে দাফনের সিদ্ধান্ত নেন তারা।
অপূর্ণ থেকে যাওয়া স্বপ্ন : বাবার ভাষ্য অনুযায়ী, ঈদুল আজহার আগে আবু সাঈদ শেষবারের মতো বাড়িতে এসেছিল। ঈদের পরদিন বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় বাবাকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়। সেটিই ছিল তাদের শেষ কথা।
মকবুল হোসেন বলেন, পরিবারের প্রত্যাশা ছিল, লেখাপড়া শেষ করে আবু সাঈদ সরকারি চাকরিতে যোগ দেবে এবং সংসারের দায়িত্ব নেবে। সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তিনি বলেন, ‘আমার একটাই চাওয়াÑ যারা আমার ছেলেকে হত্যা করেছে, আদালতের যে রায় হয়েছে, তা যেন আমার জীবদ্দশায় বাস্তবায়িত হতে দেখি।’
মায়ের কাছে এখনও জীবন্ত ছেলের স্মৃতি : ছেলের একটি ছবি বুকে জড়িয়ে প্রায়ই স্মৃতিচারণ করেন মা মনোয়ারা বেগম। কথা বলতে গিয়েও বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মনোয়ারা বেগম বলেন, টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাত আবু সাঈদ। পরিবারের স্বপ্ন ছিল, তিনি পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। তিনি বলেন, আবু সাঈদ প্রায়ই ফোন করে তার খোঁজখবর নিত। এখন সেই ফোন আর আসে না। ছেলের ব্যবহৃত পোশাক ও ছবি তিনি এখনও যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন। মায়ের ভাষায়, ‘ছেলে নেই, কিন্তু ওর স্মৃতি নিয়েই বেঁচে আছি।’
ছোট ভাইকে নিয়ে অপূর্ণ স্বপ্ন : আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, হত্যা মামলার রায় হলেও সেটি কার্যকরের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তার মতে, বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হলে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট অন্যান্য মামলার ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। তিনি দ্রুত রায় কার্যকরসহ সংশ্লিষ্ট সব মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান।
মামলার রায় : ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এ ঘটনায় করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলতি বছরের ৯ এপ্রিল রায় দেন। রায়ে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামান, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বিভূতিভূষণ রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ২৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।