× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই শহিদ দিবস আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ০৮:৩৯ এএম

২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদের বুক ঝাঁজরা করে দিয়েছিল পাষাণ পুলিশের শটগানের গুলি। ফাইল ছবি

২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদের বুক ঝাঁজরা করে দিয়েছিল পাষাণ পুলিশের শটগানের গুলি। ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন এক তরুণ। চোখেমুখে ভয়ডরহীন এক অদ্ভুত প্রশান্তি, আর বুকে স্বৈরাচারের বুলেটের সামনে অটল থাকার দৃঢ় প্রত্যয়। তিনি আবু সাঈদ। ২০২৪ সালের ১৬ জুলাই এই তরুণের বুক ঝাঁজরা করে দিয়েছিল পাষাণ পুলিশের শটগানের গুলি। সেই গুলি একটি তাজা প্রাণ কেড়ে নিয়েছিল ঠিকই। কিন্তু বৈষম্যহীন সমাজের স্বপ্নকে খুন করতে পারেনি। আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল এক নতুন বাংলাদেশ।

আবু সাঈদের সেই আত্মদান সারা দেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে জ্বালিয়ে দিয়েছিল বিদ্রোহের আগুন। সেই আগুনেই ভস্মীভূত হয়েছিল দেড় দশকের জগদ্দল ফ্যাসিবাদী শাসন। আজ ১৬ জুলাই, রক্তস্নাত ‘জুলাই শহিদ দিবস’। আজ সারা দেশে গভীর শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা এ বিষয়ে পৃথক বিবৃতি ও বক্তব্য দিয়েছেন। তবে তাদের বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য একইÑ বৈষম্যহীন বাংলাদেশ গড়া ও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থান ও আবু সাঈদের সর্বোচ্চ ত্যাগের দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে গত বছর ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালিত হয়েছিল। আজ দ্বিতীয়বারের মতো দিবসটি পালন করা হচ্ছে। এই দিনটি জাতির ইতিহাসে এক শোকাবহ অথচ অনুপ্রেরণাদায়ী মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২৪ সালের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে সমন্বয়ক আবু সাঈদ দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ঠিক সেই মুহূর্তে মাত্র ১৫ মিটার দূর থেকে পুলিশ সরাসরি তার ওপর গুলি চালায়। আবু সাঈদের সেই প্রসারিত হাত যেন গোটা জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে, যা পরবর্তীতে এক দফা দাবিতে স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নেয়। পুরো আন্দোলনে বেশকিছু স্লোগান বিপ্লবকে আরও বেগবান করেছিল। এর মধ্যে অন্যতম ছিল ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’Ñ এই অমোঘ স্লোগানটি।

দিবসটি উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শহিদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

শক্তির উৎস ও ক্ষমতার মালিক জনগণÑ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের প্রসারিত হাত ও গুলিবিদ্ধ হয়ে শাহাদতবরণ এবং দেশের বিভিন্ন স্থানে তরুণদের আত্মাহুতি আন্দোলনকে নতুন মোড় ও তীব্রতা দিয়েছিল। তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন বা অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল।’ রাষ্ট্রপতি আরও বলেন, জুলাই শহিদদের আত্মদান স্মরণ করিয়ে দেয় রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। তিনি শহিদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর মূল্যায়ন

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই শহিদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতিকে ফ্যাসিবাদী শাসনমুক্ত করার আন্দোলনে শহিদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি রাষ্ট্রের সর্বস্তরে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নব অঙ্গীকারের মধ্য দিয়ে দেশজুড়ে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হচ্ছে।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ এবং চট্টগ্রামের কলেজছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শহিদ হন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বুকে সাহস নিয়ে পুলিশের সামনে আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন অচিরেই ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং ছাত্র-জনতার বীরত্বপূর্ণ গণঅভ্যুত্থান শেষ পর্যন্ত স্বৈরশাসককে দেশ ছাড়তে বাধ্য করে।

দিনটিকে জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় বাঁক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, সেদিন নিরস্ত্র অথচ অদম্য ছাত্র-জনতা রাষ্ট্রীয় নিপীড়ন, মারণাস্ত্রের নির্মম ব্যবহার ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিল। অন্যায়ের সামনে আবু সাঈদের বুক পেতে দেওয়ার সেই দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না; এটি হয়ে উঠেছিল গণতান্ত্রিক অধিকারবঞ্চিত একটি জাতির ভয়কে জয় করার প্রতীক। দেড় দশকের ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা ও মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে এটি ছিল সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ।

ঐতিহাসিক সেই গণঅভ্যুত্থানের দুই বছর পর সরকার শহিদদের পবিত্র আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শহিদদের রক্ত কখনও বৃথা যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের অবিনশ্বর চেতনা আমাদের ইতিহাসের কেবল গর্বের উৎসই নয়, বরং ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণাও।’ তিনি আরও বলেন, ‘সব নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই আমরা গণতান্ত্রিক আন্দোলনের শহিদদের কাছে থাকা ঋণ সবচেয়ে ভালোভাবে শোধ করতে পারি।’ বাণীতে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।

বিরোধীদলীয় নেতার বিবৃতি

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দিবসটি উপলক্ষে দেওয়া বিবৃতিতে বলেছেন, আজ দেশের জনগণ যে মুক্ত ও স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছে, রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে কর্মকাণ্ড পরিচালনা করছেÑ এসবই জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে উন্মত্ত হয়ে পতিত স্বৈরাচার ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিল। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবির একাংশের মাধ্যমে চালানো সেই গুলিতে প্রায় দেড় হাজার মানুষ শহিদ হয় এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ববরণ করে।

বিরোধীদলীয় নেতা এই দিনটিকে জাতীয় ইতিহাসের একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে অভিহিত করে বলেন, ‘শহিদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি।’

২০২৪ সালে জুলাইজুড়ে এ দেশের ছাত্র-তরুণ ও আপামর জনতা যে অদম্য সাহস ও ‘জুলাইয়ের চেতনা’-এর স্ফূরণ ঘটিয়েছিলÑ তা আজ প্রতিটি বাঙালির অন্তরে প্রোথিত। আবু সাঈদদের বুকের তাজা রক্তে কেনা এই নতুন বাংলাদেশে বৈষম্য, জুলুম ও স্বৈরাচারের আর কোনো স্থান নেইÑ এটাই জুলাই শহিদ দিবসের সবচেয়ে বড় প্রতিজ্ঞা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা