× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচআরএসএসের প্রতিবেদন

সীমান্তে বিএসএফ ও মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২২:০৬ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২২:২৯ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) টহল দিচ্ছে। ছবি: নিউজ বাংলা ১৮

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) টহল দিচ্ছে। ছবি: নিউজ বাংলা ১৮

ভারত ও মিয়ানমার সীমান্তে বিএসএফ এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহিংসতায় গত ছয় মাসে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। 

দেশের সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারত সীমান্ত পরিস্থিতি

এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২টি হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনই গুলিবিদ্ধ। এছাড়া সীমান্ত এলাকা থেকে ৩৮ জনকে আটক এবং ১৭৩ জনকে বাংলাদেশে পুশ-ইন করার তথ্য পাওয়া গেছে। আরও ৪১৬ জনকে পুশ-ইনের চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা সম্ভব হয়নি। একই সময়ে সিলেট সীমান্তে খাসিয়া সম্প্রদায়ের গুলিতে একজন নিহত হয়েছেন এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে গত বছরের তুলনায় নিহতের সংখ্যা (১৪ থেকে ৯) ও হামলার সংখ্যা (৪০ থেকে ৩২) কিছুটা কমলেও, আহত ও আটকের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানানো হয়েছে। সংস্থাটি বলছে, পুশ-ইন এবং পুশ-ইনের চেষ্টার ঘটনাগুলো দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

নিহতদের পরিচয়

প্রতিবেদনে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র তুলে ধরে বলা হয়, ৪ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে নির্যাতনের পর হত্যা করা হয়। ৭ এপ্রিল লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে প্রাণ হারান আলী হোসেন (৪৯)। মে মাসে পৃথক ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. মুরসালিন (২০) ও নবীন হোসেন (৫৫) এবং লালমনিরহাটের হাতীবান্ধায় খাদিমুল ইসলাম (২৫) বিএসএফের গুলিতে নিহত হন। সর্বশেষ ১২ জুন মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান মুজিব আলী (২০) নামের এক তরুণ।

মিয়ানমার সীমান্ত ও স্থলমাইন আতঙ্ক

মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়েও প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে। গত ছয় মাসে ২০টি সহিংস ঘটনায় সেখানে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এছাড়া ৮০ জনকে আটক করা হয়েছে।

বিশেষভাবে উদ্বেগজনক হলো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ। এতে অন্তত ছয়জন বাংলাদেশি নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। 

গত ৮ ফেব্রুয়ারি টেকনাফে আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফা আফনান দীর্ঘ চিকিৎসার পর মারা যায়। এছাড়া মে ও জুন মাসে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে লেয়ারা, অংকেমন ও চিংকা অংসহ আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এই বিস্ফোরণগুলোতে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা