অরিত্র কুণ্ডু,পশ্চিমাঞ্চল
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:০২ পিএম
সৌদি আরবে দীর্ঘদিন কর্মজীবন শেষে দেশে ফিরে বাড়ির ছাদে আনার চাষ শুরু করেন মনোজিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করার পর দেশে ফিরে বেকার না থেকে কৃষিকাজকে বেছে নিয়েছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিজলী গ্রামের যুবক মনোজিত বিশ্বাস। প্রবাস থেকে ফিরে গ্রামের বাড়ির ছাদ বাগানে শুরু করেছে আনার চাষ। আধুনিক পদ্ধতিতে আনার চাষ করে নিজের ভাগ্যই বদলাচ্ছেন না, স্থানীয় অনেকের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
সৌদি আরবে দীর্ঘদিন কর্মজীবন শেষে দেশে ফিরে বাড়ির ছাদে আনার চাষ শুরু করেন মনোজিত। ধীরে ধীরে সেই বাগানটি পরিণত হয়েছে সফল একটি ছাদ বাগানে। বর্তমানে মনোজিতের বাগানে অস্ট্রেলিয়ান বিগ, থাই, রিমন, মেক্সিকান, মৃদুলাসহ ১১ জাতের মোট ৬৫ টি আনার গাছ রয়েছে।
সরেজিমন বাগান ঘুরে দেখা যায়, গোলাপি-লালচে আনারে নুয়ে পড়েছে গাছের ডাল। কোথাও কোথাও পাকা ফলের ভার। কোথাও আবার ফুটে আছে টকটকে লাল ফুল। সবুজ পাতার ফাঁকে ঝুঁলে থাকা আনার আর লাল ফুলের মেলবন্ধনে পুরো বাড়ির ছাদজুড়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ।
প্রকৃতি যেন নিজে হাতে এঁকেছে রঙিন এক ক্যানভাস। এ বছর গাছগুলোতে দ্বিতীয়বারের মতো আনার ধরেছে। প্রত্যেক গাছে ২০ থেকে ২৫টি করে আনার শোভা পাচ্ছে। ফলে ছাদ বাগানটি এখন লাল-সবুজের অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এই বাগান দেখতে আসছেন।
স্থানীয়রা জানান, প্রবাস ফেরত মনোজিতের সফলতা দেখে অনেকেই এখন আনার ফল চাষে আগ্রহী হচ্ছেন। এতে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে এলাকায় বাণিজ্যিক ফল চাষের প্রসার ঘটছে।
সদর উপজেলার কুমড়াবাড়িয়া এলাকা থেকে মনোজিতের আনার বাগান দেখতে বিপ্লব হোসেন। তিনি বলেন, “ড্রাগন-আঙুরসহ বেশকিছু ফলের চাষ আমি করছি। তবে আনার চাষে কখনো আলোর মুখ দেখতে পারিনি। তাই মনোজিত দাদার কাছে এসেছি কী ভাবে আনার চাষ করলে সফলতা আসবে”।
মনোজিত বিশ্বাস বলেন, “সৌদি আরবে থাকার সময় আধুনিক ফল চাষের বিভিন্ন পদ্ধতি দেখে দেশে ফিরে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি। শুরুতে অল্প কিছু গাছ দিয়ে আনার বাগান শুরু করেছিলাম। প্রথমবার ভালো ফলন পাওয়ায় ধীরে ধীরে বিভিন্ন জাতের আনার সংগ্রহ করি। নিয়মিত পরিচর্যা, সঠিক সময়ে সার প্রয়োগ ও সময়মতো সেচ দেওয়ার ফলে এবারও আনারের ভালো ফলন পেয়েছি। আগামীতে আরও বৃহৎ পরিসরে আনার চাষের পরিকল্পনা করছি”।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, “এ জনপদের মাটি ও আবহাওয়া আনার চাষের জন্য উপযোগী। আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে এই ফলের বাণিজ্যিক চাষ লাভজনক হতে পারে। প্রবাসজীবনের সঞ্চয় কাজে লাগিয়ে কৃষিতে সফল হওয়া যুবক মনোজিতের গল্প প্রমাণ করে, পরিকল্পিত উদ্যোগ, পরিশ্রম ও আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয়ে দেশেই গড়ে তোলা সম্ভব লাভজনক উদ্যোগ। তার এই সফলতা অন্য তরুণদেরও কৃষিমুখী হতে নতুন করে উৎসাহ জোগাচ্ছে”।
তিনি আরও বলেন, “কৃষি বিভাগের পক্ষ থেকে মনোজিত বিশ্বাসকে নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগকে আরও ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি”।