বাসস
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ১৯:৫২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬ ২১:০২ পিএম
সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদে বুধবার বিকালে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের আনা এ বিষয় সম্পর্কিত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
সংসদকে তিনি জানান, ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে মৌখিকভাবে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “যেটি প্রস্তাবনা সম্মানিত বিরোধী দলের নেতা উপস্থাপন করেছেন। আমি গতকালকেই ঢাকা সিটি কর্পোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামের নামকরণের জন্য এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি”।
বিরোধীদলীয় নেতা এই সংসদে বিষয়টি উপস্থাপন করার জন্য সরকারের পক্ষ তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান দেখিয়ে কাতারের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করছি। কাতার এমন একটি দেশ যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে, দেশের অগ্রযাত্রায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এখনো করছে”।
তিনি বলেন, “লক্ষ লক্ষ বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার। শুধু তাই নয় এর ভেতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরেও আমাদের লক্ষ লক্ষ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মতো টেক কেয়ার করেছে। তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে”।
তারেক রহমান বলেন, “এই সব বিষয় বিবেচনা করে মরহুম শেখ হামদ বিন খলিফা আল থানির জন্য আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে আজকে আমাদের জাতীয় পতাকাকে হাফ মাস্ট (অর্ধনমিত) করা হয়েছে”।