প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তা
কানাডার রাজধানী অটোয়ায় সিএফআইএ কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কানাডার সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।
প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কানাডার সঙ্গে সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে কারিগরি সহযোগিতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কানাডার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির (সিএফআইএ) কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
বাংলাদেশ প্রতিনিধিদলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং উপপরিচালক মো. শরিফুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি সেবা, পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মান অনুযায়ী খাদ্য, প্রাণী ও উদ্ভিদস্বাস্থ্য সুরক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া প্রাণিজ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি সহযোগিতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আধুনিক পরীক্ষাগার ও খাদ্য পরিদর্শন ব্যবস্থা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।
বৈঠকে সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। এ ক্ষেত্রে কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির কারিগরি সহযোগিতা দেশের সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য এবং নিয়ন্ত্রক সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় আরও বিস্তৃত হবে।
বৈঠক শেষে উভয় পক্ষ প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।