প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৮:৫৮ পিএম
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য দেশের অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করার তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এসব বিষয় তোলে ধরেন।
বৈঠকে এলডিসি পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিসিসিআই সভাপতি সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান।
তিনি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন।
তাসকীন আহমেদ বলেন, আফ্রিকার বাজারে কৃষি ও আইটি খাতে ভালো সম্ভাবনা আছে। তবে বাণিজ্য বাড়াতে সরাসরি পেমেন্ট ব্যবস্থা সহজ করা দরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, সরকার নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করে যাচ্ছে। বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ জরুরি। এতে রফতানি পণ্যের বহুমুখীকরণ সহজ হবে। একই সঙ্গে বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আফ্রিকায় বাংলাদেশি পাট, চামড়া, ঔষধ ও সিরামিকের বড় চাহিদা রয়েছে। দেশীয় উদ্যোক্তাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।
বৈঠকে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন।