× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন

প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১১:০১ এএম

কমিটি প্রত্যাখ্যান করে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ছবি: ভিডিও থেকে

কমিটি প্রত্যাখ্যান করে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ছবি: ভিডিও থেকে

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। বিরোধী দল এই পরিষদে নাম না দেওয়ায় প্রস্তাবিত ১৭ সদস্যের মধ্যে ১২ সদস্য নিয়েই বিশেষ এই কমিটি গঠন করা হলো। গতকাল সোমবার রাতে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিকে এই কমিটি প্রত্যাখ্যান করে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

কমিটির সদস্যরা হলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ। এ ছাড়া কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে।

প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম মনি বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে, তার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জুলাই ইশতেহার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই প্রেক্ষিতে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি মোতাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে অত্র সংসদের প্রতিনিধিত্বকারী প্রতিটি রাজনৈতিক দল ও জোটের সদস্য এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে বিরোধীদলীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তাদের কাছ থেকে অত্র অধিবেশনে নাম পাওয়ার আশ্বাসের প্রেক্ষিতে কমিটি গঠন প্রক্রিয়া বিলম্বিত করি। ইতোমধ্যেই কয়েক দফা এ বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু তারা এখনও কোনো নাম আমার কাছে দেননি। আমরা যে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম তার প্রস্তাবিত কাঠামো ছিল এরকম বিএনপি থেকে ৭ জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে ১ জন, গণসংহতি আন্দোলন থেকে ১ জন, গণঅধিকার পরিষদ থেকে ১ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে ১ জন এবং বিরোধী দল থেকে ৫ জন। এই ১৭ জনের মধ্যে বিরোধী দলের জন্য ৫টি পদ শূন্য রেখে ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের ৫ জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে”। 

চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপন করার পর বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, “আমরা কখনও কমিটিতে সদস্য দেওয়ার আশ্বাস দেইনি। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা কখনও বলি নাই যে আমরা নাম দেব। আমরা কনসেপচুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করি নাই”।

বিরোধীদলীয় নেতা বলেন, “নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো গণভোটের ফল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অঙ্গীকার থেকেই তারা সংসদ সদস্য হিসেবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ওইটাকে যদি বাইপাস করার জন্য এ কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করছি”।

এই নেতা বলেন, “গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে সম্মান করা। প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষ যে মতামত দিয়েছেন, সেটি এভাবে উপেক্ষা করা হলে ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। জনগণের এ অভিপ্রায়কে কোনোভাবেই অপমান করা উচিত হবে না। এজন্য তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না, জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।” 

বক্তব্য শেষ করে রাত ৯টা ২৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। পরে তারা সংসদ লাউঞ্জে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংও করেন। অন্যদিকে তাদের অনুপস্থিতিতে কণ্ঠভোটে বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে পাস হয়।

বিরোধী দলের ওয়াকআউটের পর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “বিরোধী দলের সিদ্ধান্ত তাদের রাজনৈতিক বিবেচনার বিষয় হলেও গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিল করা প্রয়োজন। আর তা করতে হলে প্রথমেই সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করতে হবে”।

মন্ত্রী বলেন, “বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন এবং সংসদের সব কার্যক্রমও একই সংবিধান অনুসারেই চলছে। সে অবস্থায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেওয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলে এমন কোনো শপথের বিধান নেই। ফলে এ ধরনের শপথ আইনগতভাবে ‘নাল অ্যান্ড ভয়েড’”।

তিনি আরও বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন করতে হলেও আগে সংবিধান সংশোধন করতে হবে। আর সেই আলোচনার উপযুক্ত স্থান সংসদের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি। সংসদ যদি ভবিষ্যতে সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের বিধান সংযোজন করে, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে”।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি বিচার বিভাগ, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সংবাদপত্রের সম্পাদক, বিভিন্ন অংশীজন এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংসদেও এ বিষয়ে আলোচনা হবে। পরে তাদের সুপারিশের ভিত্তিতে সংবিধানের ১৮তম সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হবে”।

তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আবেগতাড়িত রাজনীতি না করে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সংবিধান প্রণয়নে তারা যেন সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে সহযোগিতা করেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা