প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
গণপূর্ত অধিদপ্তর। ছবি: জুবায়ের আহমেদ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে গণপূর্ত অধিদপ্তর। অনিয়ম, দুর্নীতি ও কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগে সোমবার (১৩ জুলাই) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন খাতের ‘অনাবাসিক ভবন’ (প্যাকেজ ডব্লিউ-১) বাস্তবায়নের সময় এসব অনিয়ম হয়। একটা প্যাকেজ ভেঙে আটটি প্যাকেজে বিভাজন করে ই-ট্রেন্ডারের মাধ্যমে অর্থ খরচ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নামে অর্থ বরাদ্দ ও বিল পরিশোধ করা হলেও প্রকল্পের নির্ধারিত কাজের বড় একটি অংশ বাস্তবে সম্পন্ন হয়নি।
তদন্ত কমিটি প্রতিবেদনে উল্লেখ করেছে, সরকারি অর্থের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স কামরুল এন্টারপ্রাইজ, মিম্পা এন্টারপ্রাইজ, মেসার্স আর এস এন্টারপ্রাইজ, গ্রাম বাংলা, মেসার্স গোমতী এন্টারপ্রাইজ, রাশা ইন্টারন্যাশনাল, কর্ণফুলী কনস্ট্রাকশন ও মেসার্স স্বদেশ ডেভেলপমেন্ট।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিধি ১২৭(৩)(ঘ) অনুযায়ী তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানকে আগামী দুই বছরের জন্য গণপূর্ত অধিদপ্তরের সব ধরনের দরপত্র কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান স্বাক্ষরিত অফিস আদেশে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।