ইউএনবি
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: ইউএনবি
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আত্মসমর্পণ করে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “উনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী উনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। উনাকে জেলে যেতে হবে এবং সেই আইন আইনের গতিতে চলবে।
শেখ হাসিনা ‘আসামি’ উল্লেখ করে তিনি বলেন, “আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছেন এগুলো আমি মনে করি, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, তাদের চাঙ্গা করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছেন। এ ছাড়া কোনো কারণ আমি দেখছি না। কারণ, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) প্রক্রিয়া শুরু হয়েছে”।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক যে প্রক্রিয়া আমাদের আছে, সেভাবেই প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে। কোনো আসামি যদি আত্মসমর্পণ করে, তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন, সেটাই হবে”।
শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কি না- সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কোথায় এবং কীভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন, সেটি তার নিজস্ব বিষয়।
তিনি বলেন, “সেটি উনার ব্যাপার। সেটি আমাদের ব্যাপার নয়। এখন একজন আসামি কোথায় আত্মসমর্পণ করবেন, কীভাবে করবেন, সেটি একেবারেই উনার ব্যাপার। আমাদের সরকারের কোনো সাবজেক্ট (বিষয়) এখানে নেই। তবে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া এক”।
বিদেশে অবস্থান করে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সরকারের অবস্থান বা চলমান আইনি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, “একজন আসামি কী বক্তব্য দেন, সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নেবে না। বাংলাদেশের আইন অনুযায়ী একজনের সাজা হয়েছে, তিনি অলরেডি (ইতোমধ্যে) সাজাপ্রাপ্ত। আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আগে থেকেই চলমান আছে। এটা নতুন করে আর নতুন প্রক্রিয়ায় চলার কোনো অবস্থা নেই”।