টিস্যু হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
বরিশালে সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পকেট থেকে একটি টিস্যু বের করে উপস্থিত নেতা-কর্মী ও জনতাকে দেখান।
এরপর বলেন, সারা দিনে ব্যবহৃত টিস্যু যেখানে-সেখানে না ফেলে পকেটে জমা রাখি এবং দিনশেষে তা ময়লা ফেলার স্থানে ফেলি।
এ সময় খালটিতে থাকা প্লাস্টিকের বোতল দেখিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে যত্রতত্র প্লাস্টিক ও প্লাস্টিকের বোতল না ফেলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “এই দেশের মালিক দেশের জনগণ। আপনি যেই ঘরের মালিক, যে ঘরে আপনি থাকেন তার খুঁটি দুর্বল হলে বা ময়লা হলে যত্ন কে করে। ঘরের মালিকই করে।
“দেশটা যেহেতু আমাদের সকলের, তাই এই দেশটার যত্নও আমাদেরকেই করতে হবে। বাইরের দেশ থেকে কেউ এসে আমাদের দেশ পরিষ্কার করে দিয়ে যাবে না।”
তাই আমরা যেমন নিজের ঘর পরিষ্কার রাখি, তেমনই দেশটিও পরিষ্কার রাখা সবার দায়িত্ব, বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পাঁচজন ঘরবাড়ি অপরিষ্কার করলে যেমন একজনের পক্ষে পরিষ্কার রাখা সম্ভব না, তেমনই যদি অনেক মানুষ যেখানে-সেখানে ময়লা ফেলে তা কেবল পরিচ্ছন্নতা কর্মীদের পক্ষে পুরো দেশ পরিষ্কার রাখা সম্ভব না।
এজন্য নিজের ঘরের মতো দেশটাকে পরিষ্কার রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শুধু উন্নত দেশের উদাহরণ টানি, কিন্তু সে দেশের মানুষজনই তো তাদের দেশটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। একইরকমভাবে আমাদেরকেও দেশটা পরিষ্কার রাখতে হবে।
তাহলে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে পারব। দেশের মানুষ যেমন প্রশংসা করবে তেমনি বিদেশ থেকে আসা মানুষও প্রশংসা করবে।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রীকে একটি নিমগাছের বনশাই উপহার দেওয়া হয়।