প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১২:১৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৪:৪৯ পিএম
মো. মাহবুব হোসেন। ফাইল ফটো
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মাহবুব হোসেনকে এ পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। মাত্র তিন সপ্তাহ দায়িত্ব পালন শেষে চাকরি থেকে অবসরে যান তিনি। তার স্থলাভিষিক্ত হন মো. মাহবুব হোসেন।
২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সরকারের প্রশাসনযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তার এই চেয়ারে বসতে যাচ্ছেন জ্যেষ্ঠ সচিব মাহবুব হোসেন।
এর আগে খন্দকার আনোয়ারুল ইসলাম অবসরে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে আনা হয়। ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী মঙ্গলবারই তিনি অবসরে যাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৩(১)(ক) ধারা অনুযায়ী ৩ জানুয়ারি থেকে কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) পাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।
নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিবের দায়িত্ব পালনের আগে দুই বছর ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা মাহবুব হোসেন সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। চাকরি জীবনে বিভিন্ন সময়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে এসএসসি ও বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করেন মাহবুব হোসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়ালেখা করেছেন তিনি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স করেন তিনি। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার পাতারচর।