বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুক্রবার সকাল দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার জন্য নয়, বরং জনগণের কল্যাণে কাজের মাধ্যমেই রাজনৈতিক দলগুলোকে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে প্রশাসনিক ভবনের সামনে তথ্যমন্ত্রীকে স্বাগত জানান উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
পরে দুপুর ১২টা ১০ মিনিটে তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা জিয়াউর রহমানের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন।
তিনি বলেন, রাজপথের আপসহীন সংগ্রাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ড এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের 'রাষ্ট্র মেরামত'-এর রূপরেখা প্রণয়নের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে, তিনি একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক।
তিনি আরও বলেন, রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। কর্মকাণ্ডের মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর সক্ষমতা ও গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফর প্রসঙ্গে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সফরকালে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দলের নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের বরিশাল আগমন তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।