জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে মঙ্গলবার বিকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য রোবোসাব-২০২৬ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে মঙ্গলবার বিকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত পানির নিচে পরিচালিত রোবোটিক্স প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কর্মকাণ্ডে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি”।
তিনি এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী তার রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেন।
আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে রোবোসাব-২০২৬ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী দল।
বিদেশ যাত্রার আগে নিজেদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং দিকনির্দেশনা নিতে তার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী নিজেও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, তারা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হওয়া এ প্রকল্প বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।