প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২০:৩৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬ ২১:০২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
গরীব মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী তার বেতনের সাড়ে ১১ হাজার টাকা প্রতিমাসে একাউন্ট থেকে দেন বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “একজন প্রধানমন্ত্রী উনি আমাদেরকে কি বলেছেন কালকে জানেন? ‘আমার আব্বা তার প্রতিমাসে বেতন থেকে ১০% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন, গরীব মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য। আমি ১১ হাজার ৫০০ টাকা প্রতিমাসে আমার বেতন থেকে বেতন, যখন একাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দেই”।
প্রধনমন্ত্রী বিনয়ের সাথে মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গতকালে একটা মিটিংয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে খুব বিনয়ের সাথে বলেছে যে ‘মন্ত্রী মহোদয়গণ আমি একটা কথা বলব আজকে আপনাদেরকে, আপনারা রাখতেও পারেন আমার কথাটা নাও রাখতে পারেন”।
প্রধানমন্ত্রীর বক্তব্য হুবহু উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমি কিন্তু হুবহু কোট করতেছি। (প্রধানমন্ত্রী বলেন) ‘রাখতেও পারেন আমার কথাটা নাও রাখতে পারেন। তবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি আপনাদেরকে আমার বলা উচিত। এখন আপনাদের ইচ্ছা। আমি যেটা বলব আমি এটা করতেছি। আমি কিন্তু বেতন নিচ্ছি, না নিয়ে চলতে পারতেছি না”।
আমার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা, ১০ শতাংশ হারে আমি ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে বেতন থেকে জমা দিচ্ছি। বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই গভর্নমেন্টের অ্যাকাউন্টে। আমি আপনাদের অনুরোধ করব, আমার আব্বা কাজটা করতেন, আমি করছি; আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারাও প্রতি মাসে ১০ শতাংশ আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন’ (প্রধানমন্ত্রীর বক্তব্য)।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। খুশি হয়েছি যে উনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছেন”।