নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কৃষিকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বীজ, সার, কৃষি উপকরণ ও বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।
গত শনিবার বিকালে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেখানে দুর্নীতি ও অনিয়ম, সেখানেই প্রশাসনের কর্মকর্তারা দিন-রাত ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবেন। কোনো অভিযোগ অবহেলা করা হবে না। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।