প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
রাজউক কার্যালয়ের সভাকক্ষে রবিবার এক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টেকসই নগর উন্নয়নে ‘রিইউজ, রিনিউ ও রিসাইকেল’ নীতির বাস্তবায়নের পাশাপাশি আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপন অপরিহার্য বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, এসটিপি শুধু জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি একটি পরিবেশবান্ধব, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলার অন্যতম ভিত্তি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ের সভাকক্ষে রবিবার ‘নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও এসটিপি বাস্তবায়ন’ শীর্ষক এক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে এসটিপি স্থাপন ও পরিচালনা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি সংস্থা, নির্মাতা প্রতিষ্ঠান, প্রকৌশলী ও ভবন মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। উপস্থিত ছিলেন, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, রিহ্যাবের সভাপতি, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা সোসাইটির প্রতিনিধিসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজন।
সভায় রাজউক চেয়ারম্যান বলেন, দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে পরিবেশসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের বড় চ্যালেঞ্জ। ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫ অনুযায়ী ভবনে এসটিপি স্থাপন বাধ্যতামূলক এবং এর কার্যকর বিকল্প নেই। তবে জায়গার প্রয়োজন, স্থাপন ব্যয় ও বিদ্যমান ভবনে এসটিপি স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা তুলে ধরেছে।
প্রেজেন্টেশনে আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার কৌশল, এসটিপির কার্যপ্রণালি, স্থাপন প্রক্রিয়া, ব্যয়, প্রয়োজনীয় জায়গা এবং পরিবেশগত সুফল তুলে ধরা হয়। একই সঙ্গে বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।
অনুষ্ঠানে ইনোভেশনস লিমিটেড, ডাইকি অ্যাক্সিস বাংলাদেশ, অ্যাকুমেন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এলিপস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এবং পিভট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এসটিপি প্রযুক্তি ও বিভিন্ন সমাধান উপস্থাপন করে।
বক্তারা বলেন, কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এসটিপির বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসম্মত, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব।