১০ দিনব্যাপী গ্রীষ্মকালীন মহড়া চলবে ৫ জুলাই শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ এ প্রথমবারের মতো দেশের সব ডিভিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা।
১০ দিনব্যাপী গ্রীষ্মকালীন মহড়া চলবে ৫ জুলাই শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধুনিক যুদ্ধব্যবস্থার পাশাপাশি অপ্রচলিত যুদ্ধ পরিস্থিতিতে প্রশিক্ষণপ্রাপ্ত উপজেলা ও থানা পর্যায়ের আনসার-ভিডিপি সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃবাহিনী সমন্বয় জোরদারের লক্ষ্যেই তাদের এ মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহড়ায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে সদস্যদের তিন দিনব্যাপী অন দ্য জব ট্রেনিং (ওজেটি) সম্পন্ন করা হয়েছে। এ প্রশিক্ষণে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন মাইনর অপারেশন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী সদস্যরা মহড়ায় কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করেছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মহড়ায় অংশগ্রহণের আগে সদস্যদের তিন দিনব্যাপী অন দ্য জব ট্রেনিং (ওজেটি) দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন ধরনের মাইনর অপারেশন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
বাহিনীর দাবি, এ মহড়ায় অংশ নেওয়ার মাধ্যমে সদস্যরা আধুনিক সামরিক কৌশল, সমন্বিত অভিযান পরিচালনা এবং অপ্রচলিত যুদ্ধব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং সংকটকালীন পরিস্থিতিতে তাদের সক্ষমতা আরও বাড়বে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, উপজেলা ও থানা পর্যায়ের আনসার প্লাটুনগুলো নতুনভাবে সংগঠিত করার ফলে মাঠপর্যায়ে বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। নবগঠিত প্লাটুনের সদস্যদের সেনাবাহিনীর এ মহড়ায় অন্তর্ভুক্তি আন্তঃবাহিনী সমন্বয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মহড়ায় অংশগ্রহণের সুযোগ ও সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।