প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৩ মিনিট আগে
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ফাইল ছবি
দেশের বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে রবিবার দুপুরে তিনি মারা যান।তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তার মৃত্যু হয়।
অধ্যাপক ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমান জানান, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
দীর্ঘ চার দশক তিনি বাংলা বিভাগে অধ্যাপনা করেন। একসময় বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক, গবেষক, অনুবাদক ও রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে তিনি দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে বিশেষ পরিচিত ছিলেন।
রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও সাহিত্য নিয়ে তার গবেষণা ও প্রবন্ধ পাঠকমহলে সমাদৃত। তিনি দুই ডজনের বেশি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন এবং দীর্ঘদিন ‘লোকায়ত’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাহিত্য ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০২৪ সালের অক্টোবরে তাকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশের সাহিত্য, শিক্ষা ও গবেষণা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে তাতক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।