উন্নত চিকিৎসা ও যথাযথ পরিচর্যার জন্য হাতি ‘বাদশা বাহাদুরকে’ জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার মহাস্থান এলাকায় দীর্ঘদিন ধরে অমানবিক পরিবেশে সার্কাসে ব্যবহৃত হাতি ‘বাদশা বাহাদুর’ অবশেষে উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় হাতিটিকে উন্নত চিকিৎসা ও যথাযথ পরিচর্যার জন্য জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মহাস্থান ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও পরিচর্যার অভাবে হাতি ‘বাদশা বাহাদুর’ অসুস্থ হয়ে পড়ে। অযত্ন ও অবহেলার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি দ্রুত হাতিটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরের নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। প্রতিমন্ত্রীর সার্বিক তদারকি এবং প্রশাসনের হস্তক্ষেপে হাতিটির মালিক স্বেচ্ছায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তরে সম্মতি দেন।
এর মাধ্যমে দীর্ঘদিনের বন্দিদশা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’। এখন থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে হাতিটির চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা হবে। পরে উন্নত চিকিৎসা এবং স্বাভাবিক পরিবেশে বসবাসের জন্য হাতিটিকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হবে।
ইউএনও জিয়াউর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন। জাতীয় চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাতিটি দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী”।
হস্তান্তর অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।