প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
সরকারি যেকোনো অনুষ্ঠানের প্রচারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে রবিবার এ নির্দেশনা দেওয়া হয়। এই সিদ্ধান্ত আজ থেকেই বাস্তবায়নের নির্দেশ দিয়ে সব সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। সরকারি অনুষ্ঠানের প্রচারে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু জনসাধারণের কাছে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
পরিপত্রের অনুলিপিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, প্রধান তথ্য কর্মকর্তা এবং সব বিভাগীয় কমিশনার, ডিসি এবং ইউএনওদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।