প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
পুলিশ হেডকোয়ার্টার্সে বৃহস্পতিবার আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।
পুলিশ হেডকোয়ার্টার্সে বৃহস্পতিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন সৌদি রাষ্ট্রদূত।
আইজিপি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।