বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
সচিবালয়ে বৃহস্পতিবার সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে অধ্যয়নরত ও নতুন করে আসতে ইচ্ছুক ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান।
এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা চালুর অনুরোধ জানান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তিনি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর অনুরোধ জানান।
বৈঠকে রাষ্ট্রদূত আরও প্রস্তাব করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করলে সেই আবেদনের একটি অনুলিপি যাচাইয়ের সুবিধার্থে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে এসেছে।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের পক্ষে জনমত ও কূটনৈতিক সমর্থন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে পরিচালিত যেকোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে।
এ ধরনের সাইবার অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূতও নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ. ও. আলাইদি উপস্থিত ছিলেন।