বিবিসি বাংলা
প্রকাশ : ২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের মতবিনিময় করেন। ছবি: বাসস/পিআইডি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম তা মানছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, এ বিষয়ে শীঘ্রই গণমাধ্যমগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশের একদম সরাসরি নিষেধও আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেকে এই কাজটা করছে, তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা-নির্দেশনা মানছেন না।”
আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।