বাসস
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি/ বাসস
বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার উন্নয়নের জন্য বড় অংকের বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানিয়েছেন, বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হবে।
সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে সোমবার স্থানীয় সরকার মন্ত্রী এই তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।”
বরাদ্দ করা অর্থের ব্যবহারের খাত উল্লেখ করে তিনি আরও জানান, এই টাকা মূলত নির্বাচনি এলাকার মসজিদ, গোরস্তান ও ঈদগাঁহের সংস্কার ও উন্নয়নের জন্য ব্যয় করা হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এই ঘোষণা আসে।
মির্জা ফখরুলের বিবৃতির পর স্পিকার বলেন, তিনি নিজে দীর্ঘদিন সংসদে কাটিয়েছেন, বিরোধী দলের সদস্যও ছিলেন; কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ কখনও পাননি।
তিনি বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।