প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে নেওয়া
পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে।
সফর চলাকালে সেনাপ্রধান সংশ্লিষ্ট দেশের সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন। পাশাপাশি প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময়, আধুনিক সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা অর্জন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক শিক্ষা, যৌথ প্রশিক্ষণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হতে পারে। এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আইএসপিআর আশা প্রকাশ করেছে, সেনাপ্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।