প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
মোহাম্মদ মোশাররফ হোছাইন। ফাইল ছবি
দীর্ঘদিন ধরে শূন্য থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজি মোহাম্মদ মোশাররফ হোছাইন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের আরও ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে।
এ ছাড়া ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি করা হয়েছে।
ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীর, মো. জাহিদুর রহমান, সালমা সৈয়দ পলি, মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বিভিন্ন দপ্তরে পদায়ন বা সংযুক্ত করা হয়েছে।