প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ঢাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ছবি: আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও প্রাণবন্ত জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অলিম্পিকের তিন মূল মূল্যবোধ ‘এক্সিলেন্স, ফ্রেন্ডশিপ ও রেসপেক্ট’ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ঢাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ‘ইউ ক্যান ডু দিস, লেটস মুভ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান।
সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া র্যালিটি এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ক্রীড়া প্রদর্শনী। পরে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।
ঢাকার কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় র্যালিতে জাতীয় ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীসহ দেড় হাজারের বেশি মানুষ অংশ নেন।