× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাব্যবস্থা রিভার্স গিয়ারে চলেছে ৫৪ বছর: শিক্ষামন্ত্রী

খুলনা অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৬০ মিনিট আগে

খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের শিক্ষাব্যবস্থা গত ৫৪ বছর ধরে রিভার্স গিয়ারে চলা গাড়ির মতো পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, এ অবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষাকে সামনে এগিয়ে নিতে হবে। 

একই সঙ্গে শিক্ষক সংকট, বদলি ব্যবস্থার অনিয়ম, মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা এবং নকলের সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যেন একটি গাড়ি রিয়ার ভিউ মিররে তাকিয়ে রিভার্স গিয়ারে চালাচ্ছি। গত ৫৪ বছর এভাবেই চলেছি। এখন সামনে এগোনোর সময় এসেছে। জাতিকে আর পেছনের দিকে নেওয়া যাবে না।

শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, দেশে এখনও বিপুলসংখ্যক শিক্ষকের পদ শূন্য রয়েছে।

এক জেলার উদাহরণ দিয়ে তিনি জানান, ১ হাজার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৩৩টিতে প্রধান শিক্ষক নেই।

২০১৭ সাল থেকে চলমান বিভিন্ন জটিলতার কারণে হাজারো শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি না পেয়েই অবসরে গেছেন বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষক বদলির প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক ও অন্যান্য প্রভাব খাটিয়ে অনেক শিক্ষক গ্রামীণ বিদ্যালয় ছেড়ে শহরে চলে এসেছেন। ফলে কোনো কোনো বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে।

বদলি প্রক্রিয়া উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটির মাধ্যমে পরিচালিত হবে বলেও জানান তিনি।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নকল হবে না। নকল শব্দটিই আমরা ২০০৬ সালে শেষ করে দিয়েছিলাম।

তবে পরবর্তী সময়ে মূল্যায়ন পদ্ধতির কিছু দুর্বলতার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেন মন্ত্রী।

তিনি বলেন, এতদিন মূলত নম্বরের যোগফল যাচাই করা হতো। ভবিষ্যতে উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও আরও গভীরভাবে পর্যালোচনার ব্যবস্থা করা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আজম মু. আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মিজ হুমে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা