× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী পর্বতের মূষিক প্রসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার আশঙ্কায় ঢাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার আশঙ্কায় ঢাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির নেতাকর্মীদের তর্জন-গর্জন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ‘রাজপথ কাঁপানো’ কর্মসূচির ঘোষণা,Ñ সব মিলিয়ে ২৩ জুন ঘিরে কয়েক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছিল তুঙ্গে।

কয়েক দিন ধরে প্রচারিত এসব হুঙ্কার, ঘোষণা এবং অনলাইন তৎপরতার বিপরীতে গতকাল মঙ্গলবারের বাস্তব চিত্র ছিল অবশ্য একেবারে ভিন্ন। বহুল আলোচিত প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজপথে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো উপস্থিতিই দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, দেশজুড়ে সৃষ্ট নিরাপত্তা বলয়, ধারাবাহিক গ্রেপ্তার অভিযান এবং প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর সরব উপস্থিতির মধ্যে শেষ পর্যন্ত বড় কোনো কর্মসূচি বা শক্তি প্রদর্শন ছাড়াই দিনটি পার করেছে আওয়ামী লীগ। কার্যত ‘পর্বতের মূষিক প্রসব’-এর মতোই শেষ হয়েছে দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার দিনভর কঠোর নিরাপত্তা, ব্যাপক তল্লাশি, চেকপোস্ট, গ্রেপ্তার অভিযান ও রাজনৈতিক পাল্টা কর্মসূচির মধ্য দিয়ে কেটেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা ও সংগঠিত কর্মসূচির পরিকল্পনা আগেই ভেস্তে দেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ দেশের কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ঢাকায় ২৭ জনসহ সারা দেশে মোট ৫৮ জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ঢাকায় ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে ২০০টিরও বেশি কৌশলগত পয়েন্টে চেকপোস্ট, বিশেষ পিকেট, মোবাইল টহল, ফুট প্যাট্রল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গাজীপুর, গোপালগঞ্জ, শেরপুর, মাদারীপুর, মৌলভীবাজার, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের পাশাপাশি কয়েকটি স্পর্শকাতর এলাকায় সেনাবাহিনীও দায়িত্ব পালন করে। একাধিক সূত্র জানাচ্ছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে এই নজরদারি ও বিশেষ অভিযান আগামী কয়েক দিনও অব্যাহত থাকবে।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচির বিপরীতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, জামায়াতে ইসলামী এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও মাঠে সক্রিয় ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পাল্টা অবস্থানও আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচিকে নিরুৎসাহিত করেছে।

পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হয়নি, বলছে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল, সমাবেশ ও জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল। তবে সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।”

তিনি জানান, গত তিন দিন ধরে ঢাকার প্রবেশপথ, সীমান্তবর্তী এলাকা, মেস, আবাসিক হোটেল ও সন্দেহভাজন বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। চেকপোস্ট, মোবাইল টহল, ফুট প্যাট্রল ও সাদা পোশাকের নজরদারি বাড়ানো হয়। বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, “সাম্প্রতিক একটি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা আমাদের আশঙ্কা বাড়িয়েছিল। এতে প্রতীয়মান হয়েছে, সুযোগ পেলে তারা নাশকতার চেষ্টা করতে পারে। তাই ঢাকার বাইরে থেকে কেউ যেন রাজধানীতে এসে নাশকতা বা অবৈধ জমায়েতে অংশ নিতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।”

ধানমন্ডি ৩২ নম্বরে আটক ‘জুলাই যোদ্ধা’

দিনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল ধানমন্ডি ৩২ নম্বরে যুবক সাখাওয়াত হোসেনের আটক হওয়া। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। পুলিশ বলছে, সংরক্ষিত এলাকায় প্রবেশ করে তিনি পুলিশ সদস্যদের ভিডিও এবং বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির ছবি ধারণ করছিলেন। বাধা দেওয়ার পরও না থামায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানীতে বিজিবি, জেলায় বাহিনীর টহল

রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি গোপালগঞ্জ, শেরপুর, মাদারীপুর, মৌলভীবাজার ও কক্সবাজারে বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন। গোপালগঞ্জে ১৭১ সেনা সদস্য মোতায়েন ছিল। শেরপুরে দুই প্লাটুন বিজিবি মাঠে ছিল। টেকনাফে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়। মাগুরায় ৪০০ অতিরিক্ত পুলিশ, র‍্যাবের দুই প্লাটুন, ১৪টি চেকপোস্ট, ১০টি মোবাইল টিম ও চারটি হোন্ডা টিম দায়িত্ব পালন করে।

জামায়াত কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত

আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি প্রতিরোধে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করার সময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কয়েক নেতাকর্মী দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরকে ‘আওয়ামী লীগের সমর্থক’ আখ্যা দিয়ে মারধর করে। অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রাজনৈতিক বার্তা

গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না। আইনি ও রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করা হবে।’ সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আজ আওয়ামী লীগ জনগণ কর্তৃক বর্জিত ও নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ মানে নিষিদ্ধ।’ তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “আওয়ামী লীগ দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে কি না, সেটি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকবে।”

জেলায় জেলায় গ্রেপ্তার

প্রতিদিনের বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার দিনভর মিছিলের চেষ্টাকালে নারায়ণগঞ্জে ১৭, গোপালগঞ্জে ৬, রংপুরে ২, বগুড়ার শিবগঞ্জে ২, ময়মনসিংহের ফুলপুরে ২, পিরোজপুরের ভান্ডারিয়ায় ১ এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঢাকায় গ্রেপ্তার হয়েছে ২৭ জন। বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ব্যানারে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও পুলিশ ঘটনাটি যাচাই করছে বলে জানা যায়। এ ছাড়া তেমন বড় ধরনের কোনো নাশকতার ঘটনার খবরও পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা