প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ২১:৪৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১০:৫২ এএম
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত
বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের উপনির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলের শরিকদের ছেড়ে দিয়েছে দলটি। আর একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো—বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩। বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আবদুল ওদুদ। চিত্রনায়িকা মাহিয়া মাহিও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুলেছিলেন, তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঠাকুরগাঁও-৩ আসন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে ও বগুড়া-৪ আসন একই জোটের শরিক জাসদকে (ইনু) ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে প্রার্থী মনোনয়ন দেবে।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। এ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।’
বিএনপি এমপিদের ছেড়ে দেওয়া পাঁচ আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একজন এমপি (হারুন-অর রশিদ) বিদেশে থাকায় তার পদত্যাগপত্র সেদিন গৃহীত হয়নি। তবে পরে তিনি বিদেশ থেকে এসে পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়। ফলে বিএনপি এমপিদের সব আসন শূন্য হয়। এর মধ্যে সংরক্ষিত নারী আসন বাদে বাকি ছয় সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে নিয়ম অনুযায়ী পরে সদস্য মনোনয়ন ও নির্বাচন করা হবে।