প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ৪৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
মালয়েশিয়ার দুই দিনের সফর শেষ করে সোমবার বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি চীনে রওনা হন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।
ওই সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান রুমন বার্তা সংস্থা বাসসকে জানান, প্রধানমন্ত্রী দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
তিনি জানান, দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুই দিনের সফরে রবিবার মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া সফরই ছিল প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর।
স্বল্প সময়ের এ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ বৈঠক হয়। প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়।
পরে সীমিত পরিসরে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে। পরবর্তী পর্যায়ে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৃহত্তর পরিসরে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।