প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমে যাওয়ায় স্বর্ণালংকার ও রৌপ্যালংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় শুক্রবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মূল্য শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য বহাল থাকবে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত ক্যাডমিয়াম স্বর্ণালংকারের প্রতি গ্রাম বিক্রয়মূল্য (ভ্যাটসহ) ১৯ হাজার ৫৯৫ টাকা, ২১ ক্যারেটের ১৮ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেটের ১৬ হাজার ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের প্রতি গ্রাম মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৩০ টাকা।
অন্যদিকে, রৌপ্যালংকারের ক্ষেত্রে ২২ ক্যারেট হলমার্ককৃত ক্যাডমিয়াম প্রতি গ্রাম ৪৫০ টাকা, ২১ ক্যারেট ৪৩০ টাকা, ১৮ ক্যারেট ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যালংকারের মূল্য ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৮ জুন ঘোষিত মূল্যের তুলনায় ২২ ক্যারেট স্বর্ণালংকারে প্রতি গ্রামে ৩৭৫ টাকা, ২১ ক্যারেটে ৩৬০ টাকা, ১৮ ক্যারেটে ৩১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারে ২৫০ টাকা দাম কমেছে। একই সঙ্গে রৌপ্যালংকারের মূল্যও প্রতি গ্রামে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজভেদে মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে। এছাড়া রৌপ্যালংকারের ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।