প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৩:৩১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬ ১৬:২৯ পিএম
শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচীর তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুর ১টার দিকে পৌঁছান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়ে সাড়ে ১০টার দিকে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী।
পরে সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হন। মৌলভীবাজার পৌঁছে তিনি সরাসরি শ্রীমঙ্গলের পথে রওয়ানা হন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। পুরো মৌলভীবাজারকে নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।
গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মোছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রঙ করা হয়। সড়কের ব্রীজ-কালভার্টে লাল-সাদা রঙে রাঙিয়েছেন মিস্ত্রীরা।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ বুঝে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স।