প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১০:৩৩ এএম
আপডেট : ১৭ জুন ২০২৬ ১৬:২৯ পিএম
মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার মৌলভীবাজার সফরে যাচ্ছেন। এদিন সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন তিনি।
সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।
কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শয্যাশায়ী খালেদা রব্বানীকে দেখে যাওয়ার অনুরোধ
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী অবস্থায় থাকা জেলার প্রবীণ রাজনীতিবিদ খালেদা রব্বানীর নাম। স্থানীয় নেতাকর্মীরা জানান, খালেদা রব্বানী দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় শয্যাশায়ী থাকলেও দলের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা অটুট রয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, মৌলভীবাজার সফরকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যদি সময় করে প্রবীণ এই রাজনীতিবিদকে একনজর দেখে যান, তবে তা খালেদা রব্বানী ও তার পরিবারের জন্য হবে অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত। তারা আরও বলেন, দলের দুঃসময়ে খালেদা রব্বানীর অবদান ও ত্যাগ নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দলীয় প্রধানের একটি সৌজন্য সাক্ষাৎ প্রবীণ এই নেত্রীর মনোবল আরও বৃদ্ধি করবে। তাই তারা কয়েক মিনিটের জন্য হলেও খালেদা রব্বানীকে একনজর দেখে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছেন।