প্রব প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২১:২৩ পিএম
প্রতীকী ছবি
দেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে ১৪৪৮ হিজরি সনের মুহাররম মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ জুন (শুক্রবার) সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় মঙ্গলবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।
সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার মো. শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব আলম এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।