শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মঙ্গলবার শুরু হওয়া এ কর্মশালায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের সার্কাস দলের মালিক, শিল্পী, খেলোয়াড়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের যাত্রা ও সার্কাস শিল্পের ঐতিহ্য ফেরাতে নানান কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে সার্কাস-যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা।
সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মঙ্গলবার শুরু হওয়া এ কর্মশালায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের সার্কাস দলের মালিক, শিল্পী, খেলোয়াড়রা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু।
‘বাংলাদেশের সার্কাস: ঐতিহ্য, শিল্পরূপ ও সংকট’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাইমন জাকারিয়া। অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক এবং প্রামাণ্য চিত্র নির্মাতা ঝুমুর আসমা জুঁই।
এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ আলোচনা করেন ‘দি গ্রেট রওশন সার্কাসের প্রোপাইটার শেখ আফতাব উদ্দিন এবং ‘বাংলাদেশ সার্কাস মালিক সমিতির’ সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
কর্মশালার ২য় দিন সকাল ৯টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন’ শীর্ষক কর্মশালা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
প্রবন্ধ উপস্থাপন করবেন এম এ মজিদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রেজা মো. আরিফ, একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনন জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। বিশেষ আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট পালাকার রাখাল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।