প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনায় এসেছে দেশের বিভিন্ন তারকা থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক পরিবারের প্রিয় দলগুলোর নামও। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটবলপ্রেম ও ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহের কথা দীর্ঘদিন ধরেই পরিচিত। এবার জানা গেল তার পছন্দের দলের নাম।
আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার বিএনপি বিটের সংবাদকর্মীদের সঙ্গে দুপুরে খাবার গ্রহণ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসের অভিজ্ঞতার কারণেই তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সমর্থক। হ্যারি কেইনদের ‘থ্রি লায়ন্স’ খ্যাত দলটির প্রতি তার এই সমর্থনের পেছনে রয়েছে ব্যক্তিগত আবেগ ও দীর্ঘদিনের সংযোগ।
অন্যদিকে, পরিবারের ফুটবল পছন্দে এখনো প্রবলভাবে উপস্থিত রয়েছে ব্রাজিলের ঐতিহ্য। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
পরিবারের সেই সাম্বা-প্রেমের ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে ধারণা করা হচ্ছে তার নাতনী জাইমা রহমানও। বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডির স্টোরিতে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের সময় ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও বিমান থেকে নামছেন এবং হাতে একটি ভিডিও ক্যামেরা ধরে আছেন।
স্টোরিটির ক্যাপশনে জাইমা রহমান লেখেন, “আপনারা কি রেডি?”। একই সঙ্গে ব্রাজিলের ফুটবল সংস্কৃতির আবহ আরও জোরালো করতে তিনি ব্যাকগ্রাউন্ডে যুক্ত করেন জনপ্রিয় গান ‘সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬’।
প্রধানমন্ত্রীর ইংল্যান্ড সমর্থনের খবর এবং জাইমা রহমানের ব্রাজিল-ইঙ্গিতপূর্ণ স্টোরি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। ফলে বিশ্বকাপের মাঠে রাজনৈতিক পরিবারের সমর্থনের দিকটিও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।