প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১ জানুয়ারি) এক শোক বার্তায় বলেন, ‘পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সার্বজনীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, ষোড়শ বেনেডিক্টের বিদেহী আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্যাথলিক ধর্মাবলম্বীদের সাবেক পোপ ষোড়শ ইমেরিটাস বেনেডিক্ট শনিবার (৩১ ডিসেম্বর) ৯৫ বছর বয়সে ভ্যাটিকানের ইসেলেসিয়া মঠে মারা যান। পোপের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেখানেই থাকতেন তিনি।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ষোড়শ বেনেডিক্ট।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বর্তমান পোপ ফ্রান্সিস সাবেক পোপের অসুস্থতার খবর জানান। তার জন্য বিশ্ববাসীকে প্রার্থনারও আহ্বান জানান বর্তমান পোপ।
২০১৩ সালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকানের প্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি।
বেনেডিক্ট ভ্যাটিকান সিটির ইতিহাসে দ্বিতীয় পোপ যিনি দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। এর প্রায় ৬০০ বছর আগে ১৪১৫ সালে পোপের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন দ্বাদশ গ্রেগরি।