সংবাদপত্র বন্ধ করে দেওয়ার ঘটনাকে ‘কালো দিবস’ হিসেবে স্মরণ সেমিনারের আয়োজন করেছে জাতীয় সম্পাদক পরিষদ। ছবি: সংগৃহীত
বাকশাল আমলে দেশের অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়ার ঘটনাকে ‘কালো দিবস’ হিসেবে স্মরণ করে আজ সোমবার সেমিনারের আয়োজন করেছে জাতীয় সম্পাদক পরিষদ (ন্যাশনাল এডিটরস কাউন্সিল)।
‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক এ সেমিনার রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভাপতিত্ব করবেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের রাজনৈতিক ও গণমাধ্যমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত দিন। এদিন তৎকালীন বাকশাল সরকারের সিদ্ধান্তে চারটি সংবাদপত্র ছাড়া দেশের অন্যান্য সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে যায়। এর ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়েন। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং নাগরিক স্বাধীনতার পরিসর উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে পড়ে।