প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজন পরীক্ষার্থীকে আটক করে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার ডেমরাস্থ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে শুক্রবার এ ঘটনা ঘটে ।
মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে অভিযোগে কে এম মোজাম্মেল হক নামের এক পরীক্ষার্থীকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড প্রদান করেন।
ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অপর আরেক পরীক্ষার্থী মো. মিজানুর রহমানের পরিবর্তে ফারুক মন্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মন্ডলকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০ টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিম।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য আজকের পরীক্ষায় ৮০১৩জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮৯৫ জন উপস্থিত ছিলেন।