প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
সংসদে বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার বিকাল ৩টায় বাজেট-পরবর্তী প্রথাগত সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল বিস্তারিতভাবে তুলে ধরবেন।
পাশাপাশি বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মধ্যে ওঠা নানা প্রশ্নেরও জবাব দেবেন তিনি।
মুদ্রাস্ফীতির চাপ থেকে জনগণকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বৃদ্ধি এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীকরণের লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেট।
‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যে তৈরি বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ১৩ দশমিক ৭ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে আরও উৎপাদনমুখী, কর্মসংস্থানভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক ধারায় এগিয়ে নিতে সরকার বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।
তার ভাষায়, এমন একটি বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যেখানে উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে।