ব্রিফকেসের ভেতর থাকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার কপি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাজেট ঘোষণার দিন পত্রিকায় প্রায়ই একটি ছবি ছাপা হয়। প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে অর্থমন্ত্রী সংসদে প্রবেশ করছেন ব্রিফকেস হাতে। এই ছবি দেখে মানুষ বুঝতে পারে অর্থমন্ত্রী বাজেট দেওয়ার জন্য সংসদে ঢুকছেন। ব্রিফকেসের ভেতর থাকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার কপি।
কিন্তু ব্রিফকেসে বাজেট কেন? কেন অন্য কোনো ধরনের ফোল্ডারে নয়? অনেকের মনে এ প্রশ্ন। ‘বাজেট’ শব্দটি ইংরেজি, যা এখন বাংলা ভাষারও অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বাংলা একাডেমির একটি অভিধানে বলা হয়েছে, ১৯০২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় বাজেট শব্দটি প্রথম ব্যবহার করেন। শব্দটির উৎপত্তি হয়েছে মধ্যযুগের ইংরেজি শব্দ ‘বুজেট’ থেকে। বুজেট শব্দের অর্থ ‘মানিব্যাগ’ বা টাকার থলে।
অর্থনীতি গবেষক ও সাবেক সচিব প্রয়াত ড. আকবর আলি খান রচিত ‘বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইয়ে উল্লেখ আছে, রবার্ট ওয়ালপুল নামে যুক্তরাজ্যের একজন অর্থমন্ত্রী ছিলেন ১৭২৫ থেকে ১৭৪২ সাল পর্যন্ত। তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে সারা বছরই ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের কাছ থেকে কর হ্রাসের প্রস্তাব পেতেন। সরকারি ও বেসরকারি খাত থেকে নতুন করারোপ বা করহার পরিবর্তনের পরামর্শ আসত। নতুন ব্যয়ের দাবিও বিভিন্ন মহল তার কাছে পাঠাত। এসব দাবি তিনি একটি বুজেট বা মানিব্যাগে ভরে রাখতেন। অর্থবছরের শেষদিকে যখন বাজেট তৈরি শুরু হতো, তখন তিনি মানিব্যাগ থেকে সেসব নোট বের করে সেগুলোর ভিত্তিতে বাজেট প্রণয়ন করতেন। ইতিহাস বলে, এভাবে বাজেটব্যবস্থার উৎপত্তি মানিব্যাগ থেকে।
শিল্পবিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি অনেক বড় হয়। ফলে বাজেট সংক্রান্ত প্রস্তাবগুলো বাড়তে থাকে। এত বেশি দাবি আসে যে, এসব প্রস্তাব শুধু একটি মানিব্যাগে সংকুলান সম্ভব হয় না। ফলে মানিব্যাগের জায়গায় আসে ব্রিফকেস। ড. আকবর আলি খান লিখেছেন, কোনো কারণে বাজেট ফাঁস হয়ে গেলে অর্থমন্ত্রীকে জবাবদিহি করতে হয়। কাজেই সংসদে পেশ করার আগে বাজেট গোপন রাখতে হয়।
সব দেশেই অর্থমন্ত্রীদের ব্রিফকেস সঙ্গে নিয়ে সংসদে বাজেট ঘোষণার রেওয়াজ দেখা যায়। তবে ২০১৯ সালে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তার প্রথম বাজেটটি ঘোষণার সময় ব্রিফকেসের পরিবর্তে লালসালুতে মোড়া বাজেট ডকুমেন্ট সঙ্গে নিয়ে সংসদে ঢুকেছিলেন। দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের লাল শাড়ির সঙ্গে সামাঞ্জস্য রেখে সেবার বাজেট ডকুমেন্ট সাজিয়েছিলেন তিনি।