বাসস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
সিএমপি লোগো। ফাইল ফটো
নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা দেওয়ার জন্য সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপির সদর দপ্তরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
নতুন এই উদ্যোগের মাধ্যমে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেক আইডি তৈরি এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।
পুলিশ কমিশনার জানান, এই সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের অভিযোগের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি অনলাইন অপরাধ সংক্রান্ত স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএসসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংরক্ষণেও সহায়তা করা হবে, যা তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করবে।
তিনি আরও বলেন, সেন্টারটি পাসওয়ার্ড নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং সামগ্রিক ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নাগরিকদের সচেতন করবে। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট থানা, জাতীয় হেল্পলাইন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা করা হবে।
সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।