প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে পুরস্কৃত করল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজ থেকে নেওয়া
সম্প্রতি বহুল আলোচিত তিনটি ঘটনায় প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে পুরস্কৃত করল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং নৌ পুলিশের ৩ জন সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়।
আলোচিত তিনটি ঘটনা হলো ডিএমপির পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ ভূমিকা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্লু-লেস কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন।
পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড অল্প সময়ে এবং দ্রুততার সঙ্গে আসামি গ্রেপ্তার, ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট সম্পন্ন করা, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। এছাড়া সফল তদন্তের মাধ্যমে আদালতকে দ্রুততম সময়ে রায় ঘোষণায় সহায়তার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মো. জাহিদ হোসেন এবং এসআই (নিরস্ত্র) জনাব অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের ৯ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।
এদিকে ঈদুল আজহা পরবর্তী সময়ে নিয়মিত দায়িত্ব পালনকালে দৌলতদিয়া ফেরিঘাটে জীবনের ঝুঁকি নিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাৎক্ষণিকভাবে যাত্রী নামিয়ে বাসটি খালি করায় অন্তত ৫০ জন যাত্রীর জীবন রক্ষা পায়। এছাড়া অনন্য ভূমিকা পালনের জন্য মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) জনাব মোহাম্মদ আবুজার গিফারীসহ ৩ জন নৌ পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়।
এছাড়া, মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মাত্র এক দিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে।
এরপর ৪ জন আসামিকে গ্রেপ্তারপূর্বক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান নিশ্চিত করায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই (নিরস্ত্র) জনাব রনি দেবনাথসহ ৩ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।