প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
সংসদে রবিবার বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
গ্যাস সংকটের কারণে এই মুহূর্তে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, গ্যাস পরিস্থিতির উন্নতি হলে এবং চলমান খনন কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত গ্যাস উৎপাদনে এলে, অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমস্ত সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।
সংসদে রবিবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
জ্বালানি মন্ত্রী বলেন, চলমান অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ পরিস্থিতির কারণে আশুগঞ্জ সার কারখানাসহ অন্যান্য সার কারখানাগুলোতে পূর্বঘোষিত সময়সীমার মধ্যে গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, সরকার বর্তমানে সীমিত গ্যাস সরবরাহের সম্মুখীন হচ্ছে, যার ফলে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বরাদ্দকে অগ্রাধিকার দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার বিষয়ে আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও, বর্তমান সরবরাহ পরিস্থিতির কারণে ঘোষিত সময়সূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার মধ্যমেয়াদে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রায় ১৭ বছর পর নতুন গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, এটি আমদানি নির্ভরতা কমানো এবং শিল্পখাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করার একটি বৃহত্তর কৌশলের অংশ।