প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
ঢাকার বিজয়নগর এলাকায় শনিবার ‘দক্ষিণের জানালা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা শহরের জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে যে কোনোদিন যদি ভূমিকম্প কিছু হয়, তাহলে শহর তলিয়ে যাবে। এখানকার পানি খুব ভয়াবহ। আজকাল আমার নিজেরই মনে হয় আমি ঢাকা শহরে থাকবো না। শহরের বাইরে গিয়ে থাকবো। কারণটা এটা বাসযোগ্য মনে হয় না।
ঢাকার পুরানা পল্টনে শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়েজিত দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী শেষে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন,ঘর থেকে বেরোলে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনটা পর্যন্ত দূষিত। পাবলিক হাসপাতালের মধ্যে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
মির্জা ফখরুল তার ছাত্রজীবনের স্মৃতিচারণা করে বলেন, যখন তিনি ঢাকা কলেজে পড়তেন, তখন বুড়িগঙ্গায় নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যেত। কিন্তু বর্তমানে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দুর্গন্ধযুক্ত যে তার কাছে যাওয়াও দায়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার জন্য পর্যাপ্ত কার্যকর প্রকল্প গ্রহণ করা হচ্ছে না।
শহরের কাঠামোগত পরিবর্তনগুলোকে আরও পরিকল্পনা মাফিক হতে হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, পরিকল্পনাটা সঠিক নিতে হবে। নদীগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ তাদের এতো প্রজেক্ট হয়। এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না।